চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



 চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, আনন্দ র‌্যালি ও দোয়া মাহফিল রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের শুরুতে চট্টগ্রাম উত্তর জেলা ও জেলার আওতাধীন , উপজেলা ও পৌরসভা জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন , এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু।

 

পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অহিদুল ইসলাম চৌধুরী শরীফ। তিনি তার বক্তব্যে বলেন, “জিয়া মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার-প্রসারে কাজ করে আসছে। আজ দেশের গণতন্ত্র হুমকির মুখে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সংগ্রামই পারে দেশকে গণতান্ত্রিক মুক্তির পথে এগিয়ে নিতে। আমাদের শপথ হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যাওয়া।”

 

প্রধান অতিথি হাজী মো. জসিম উদ্দিন বলেন, “জিয়া মঞ্চ শুধু একটি সংগঠন নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ মঞ্চের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হলে সবাইকে রাজপথে থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে জিয়া মঞ্চ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তরুণ প্রজন্মকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হলে জিয়ার চিন্তাধারা ও দেশনায়ক তারেক রহমানের কর্মসূচি সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলনকে নতুন প্রেরণা যোগাবে।”

 

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে জিয়া মঞ্চ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মামুন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন