গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তারেক রহমান
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা রাজধানীসহ সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়।
গত শুক্রবার (২ জানুয়ারী) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন এ মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মানুষ। অন্যদিকে রাজধানীর অন্যতম বৃহৎ মসজিদ মহাখালীর মসজিদে গাউসুল আজমেও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়।
এছাড়া গুলশানের আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেল সাড়ে ৪টায় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল শুরু হয়। এতে আরো উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। মিলাদ শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নগরীর মসজিদে মসজিদে বাদ জুমা দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। ইমাম ও খতিবগণ দোয়ার আগে বেগম জিয়ার অবদান তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মোনাজাতে বেগম জিয়ার মাগফিরাত কামনা করার পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এদিকে মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, একজন গৃহবধূ থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। মহানগর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন মাঠে পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এসব কথা বলেন।
আমাদের বরিশাল সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গত শুক্রবার বাদ জুমা বরিশালে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মসজিদ ও কেন্দ্রীয় জামে কসাই মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। আসর নামাজ বাদেও বিভিন্ন মসজিদে মিলাদ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফেও মিলাদ, নফল নামাজ ও ফাতেহা শরিফ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কমনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বরিশাল মহানগরীর চাঁদমারী মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে সাবেক মেয়র ও বরিশাল সদর আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার অংশ নেন। বাদ আসর নগরীর বায়তুল মোকাররাম মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া মোনাজাতেও তিনি উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ছারছীনা দরবার শরিফসহ বিভিন্ন দরবার ও খানকা শরিফেও দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়।
আমাদের খুলনা প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পৃথক কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাদ জুমা গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রো-ভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকালে সহকারী শিক্ষক সমাজ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা পিটিআই হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজার জেলা বিএনপি। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো: মিজানুর রহমান প্রমুখ।
পিরোজপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
কিশোরগঞ্জ খেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মসজিদে মসজিদে মরহুমা বেগম জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, ঈদগাঁ মসজিদ, মোরগ মহাল মসজিদ, হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির নেতারা উপস্তিত ছিলেন।
রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি জানান, চারঘাট প্রেসক্লাব এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। চারঘাট প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনা করেন।
ময়মনসিংহের গফরগাঁও থেকে আমাদের প্রতিনিধি জানান, গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে গত শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মসজিদগুলোতে শীতের মধ্যে দোয়ার জন্য কানায় কানায় মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে ৯নং পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর দারুল কোরআন মাদ্রাসা মাঠে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মোংলা থেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মাদারীপুর থেকে আমাদের সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় জুমা বাদ মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মজিদ বাড়ী ভূরঘাটা জামে মসজিদে দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম মুফতি মাওলানা ওমর ফারক।
যশোরের কেশবপুর থেকে আমাদের সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে গত শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোওয়া অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিবল্লাহ দোয়া পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকি প্রমুখ।
খুলনা থেকে আমাদের সংবাদদাতা জানান, পাইকগাছায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে সরল বাজারে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এ দোয়া মাহফিল এর আয়োজন করে। বিএনপি নেতা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে উপজেলা মডেল মসজিদ, জেলার কসবা উপজেলার কেন্দ্রীয় মসজিদ, জেলার নবীনগর উপজেলাসহ লাউর ফতেহপুর, জিনদপুর, বিটঘর, কাইতলা, ও ইব্রাহিমপুর জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে চত্বরে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম।
দোয়া ও আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
