সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ওই আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ৮ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
