আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল সোনার (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলা ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সোনার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে ফেরার পথে মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের মুক্তারপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তিনি ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ট্রলির নিচ থেকে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কটির ওই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সেখানে বাঁক ও সংযোগ সড়ক থাকা সত্ত্বেও মূল সড়কে যানবাহন প্রায়ই উচ্চগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন ও গতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্ঘটনার পর এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

.jpg)
