বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ: প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

 


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল এলাকায় বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ধর্ষণের মামলায় মো. জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগীকে দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করে জেলা ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সম্পত্তি থেকে ভুক্তভোগী ও তার সন্তানের ভরণপোষণের ব্যবস্থা করতে হবে। ভুক্তভোগীর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ নিশ্চিত করার নির্দেশ রয়েছে। যদি আসামির সম্পত্তি থেকে এ ব্যয় বহন করা সম্ভব না হয়, তবে রাষ্ট্র সেই দায়িত্ব নেবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, মামলার বিচারকালে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে আসামি জাহাঙ্গীর হোসেনের পূর্বপরিচয় ছিল। ঘটনার প্রায় ১১ মাস আগে ভুক্তভোগীর স্বামীর মৃত্যু হয়। এরপর পরিচয়ের সূত্র ধরে আসামি তার বাসায় যাতায়াত শুরু করেন এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০১৮ সালের ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার একটি বাসায় ভুক্তভোগীকে প্রথমে ধর্ষণ করেন আসামি। পরে বিষয়টি প্রকাশ না করতে বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

সর্বশেষ ২০১৯ সালের ১৭ জানুয়ারি একইভাবে বিয়ের কথা বলে বাসায় গিয়ে আবারও তাকে ধর্ষণ করা হয়। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানালে আসামি বিয়ে করতে টালবাহানা শুরু করেন। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কাফরুল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক আকলিমা আক্তার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্ষণের ফলে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ভুক্তভোগী একটি সন্তানের জন্ম দেন। জন্মের দুই সপ্তাহ পর নবজাতকের ডিএনএ পরীক্ষা করা হলে প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা আসামি জাহাঙ্গীর হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন