নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপি নেতা ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দলের বিশ্বাসঘাতকতার জন্য জামায়াতে ইসলামী এখানে (নড়াইল-২ আসন) সংসদ সদস্য হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলেও নড়াইল-২ আসনে আমরা বিরোধীদল হিসেবে আছি। বিশ্বাসঘাতকতা না করলে নড়াইল-২ আসনটি বিএনপির থাকত।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নড়াইল সদরের তুলারামপুর এলাকায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নড়াইল-২ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সাদি মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।
প্রধান অতিথি ড. ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, যারা আমাকে ধানে শীষে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিএনপির সঙ্গে যারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিচার আমরা তুলারামপুরের জনগণের কাছে ছেড়ে দিলাম। তাদের বিচার আমাদের মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন। যাদের ষড়যন্ত্রে নড়াইল-২ আসনে বিএনপির পরাজয় হয়েছে, তাদের আপনারা (দলীয় নেতাকর্মী) ক্ষমা করবেন না। আমিও ক্ষমা করব না। কারণ, মিরজাফর ও বিশ্বাসঘাতকতাদের কখনো বিশ্বাস করা যায় না। যদি নড়াইল-২ আসনে বিশ্বাসঘাতকতা না করত, মিরজাফরি না করত, ধানের শীষের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত, তারেক জিয়ার সঙ্গে না করত, বেগম খালেদা জিয়ার সঙ্গে না করত, আমাদের মহান নেতা জিয়াউর রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত, তাহলে নড়াইল-২ আসনটি ধানের শীষের থাকত। বিএনপি সরকার গঠন করেছে, এখানে উন্নয়নে কোনো সমস্যা হবে না। তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা সব বাস্তবায়ন করছেন।
আগামিতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপির প্রার্থীরা ভোটের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নড়াইলের ছেলে, বিএনপিতে আছি। আমি শুধু ভোটের জন্য আসিনি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদুজ্জামান জামান, সহসভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন-জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং বিএনপির প্রাথী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

