কক্সবাজার থেকে উত্তরবঙ্গে মাদক সরবরাহ, সৈয়দপুরে ধরা পড়ল চক্রের সদস্য


নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. জামাল হোসেন (২৪)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার সদর থানার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মাঝাপাড়ার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জামালকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে প্লাস্টিকের একটি পাত্রে রাখা দুটি নীল রঙের জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জামাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন