এ,বি,এম,হাবিবুর রহমান : নওগাঁর নিয়ামতপুরে মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী যুবককে মর্মান্তিক ভাবে খুন করেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ পাহান ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে।
নিহত সুনীল পাহান উক্ত গ্রামের বগা পাহানের ছেলে। অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পার্শ্ববর্তী মান্দা উপজেলার কালাচিতা গ্রামের নিপেন পাহানের ছেলে। তারা উভয়েই আদিবাসী সম্প্রদায়ের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ টাকা নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নিলে প্রসেনজিৎ পাহান ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় স্বজরে আঘাত করলে,সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রসেনজিৎ পাহান আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে।
নিয়ামতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
