- পরিচর্যা করলেই পুরস্কারের ঘোষণা ‘হিরাকাশী একতা যুব সংগঠন’-এর
হাফেজ নজরুল : পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন হিরাকাশী গ্রামে এক অনন্য উদ্যোগ দেখা গেছে। হিরাকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘মমতাজ বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ (আম) গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে, শিক্ষার্থীদের এই গাছ রক্ষায় উদ্বুদ্ধ করতে এক বছর পর শ্রেষ্ঠ পরিচর্যাকারীকে আকর্ষণীয় নগদ অর্থ ও পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘হিরাকাশী একতা যুব সংগঠন’।
পীর কাশিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল হাশেম সরকার সাহেবের সুযোগ্য সন্তান জনাব জাকির হোসেন সরকার তাঁর মরহুমা মায়ের স্মরণে প্রতিষ্ঠা করেছেন ‘মমতাজ বেগম ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগটির সার্বিক এবং যথাযথ বাস্তবায়নে সহযোগিতা করছে ‘নবীনগর দক্ষিণ ও মুরাদনগর উত্তর ইত্তেহাদুল ওলামা পরিষদ’। অনুষ্ঠানটির সার্বিক ও ন্যায়-নিষ্ঠা পরিচালনায় ছিলেন মাদ্রাসাতুল মাদিনার সম্মানিত পরিচালক মাওলানা মনসুরুল হক।
অনুষ্ঠানে হিরাকাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা আফিয়া খাতুন, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, জান্নাতুল ফেরদৌসী এবং কাশমেরী সুলতানা উপস্থিত থেকে মমতাজ বেগম ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং চারা বিতরণে সার্বিক সহযোগিতা করেন।
পঞ্চম শ্রেণী: ১২ জন
চতুর্থ শ্রেণী: ১১ জন
তৃতীয় শ্রেণী: ১২ জন
দ্বিতীয় শ্রেণী: ৪ জন
প্রথম শ্রেণী: ১ জন
এবং সাওতু হেরা ক্যাডেট মহিলা মাদ্রাসার মোট ৫ জন কৃতি শিক্ষার্থী এই উপহার লাভ করে।
গাছ বিতরণ অনুষ্ঠানে ওলামা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আলী আহমদ সাহেব, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, হাফেজ রাকিবুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে মমতাজ বেগম ফাউন্ডেশনের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান।
মমতাজ বেগম ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে এক অভিনব ঘোষণা দেয় এলাকার তরুণদের সংগঠন ‘হিরাকাশী একতা যুব সংগঠন’। আম গাছের চারা বিতরণকালে সংগঠনের সভাপতি জনাব আক্তার হোসেন, মাওলানা ফয়সাল আহমদ, জনাব ফারুক মিয়া, জাকির হোসেনসহ উপস্থিত সংগঠনের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়—
যেসব শিক্ষার্থী এই গাছগুলোকে সুন্দরভাবে টিকিয়ে রাখবে ও পরিচর্যা করবে, ঠিক এক বছর পর তা পরিদর্শন করা হবে। চারা পরিচর্যায় যারা সেরা হবে, তাদের জন্য থাকবে নগদ অর্থসহ অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার।" যুব সংগঠনের এই সময়োপযোগী ঘোষণা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিরাকাশী একতা যুব সংগঠনের সম্মানিত সদস্য মাওলানা ফয়সাল আহমদ, মোঃ ইউনুস, মোঃ সুমন, মোঃ শান্ত, মোঃ জুয়েল, মোঃ শামীম, মোঃ শহিদ মিয়া, আবু কাশেম, জনাব আ. মতিন, জনাব মানিক সরকার, জনাব মঙ্গল মিয়া, জনাব রফিক মুহুরি, ড. আ. রহিম বেগ, জনাব শাহজাহান বেগ, জনাব হক মিয়া, মোঃ আজু মিয়া, জনাব আলি হোসেন, মোঃ জয়দল হোসেন ও মোঃ হেলাল সহ হিরাকাশী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী মনে করছেন, মমতাজ বেগম ফাউন্ডেশনের উপহার এবং হিরাকাশী একতা যুব সংগঠনের পুরস্কারের এই যৌথ উদ্যোগ গ্রামীণ পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দায়িত্বশীলতা তৈরিতে একটি মাইলফলক হয়ে থাকবে।
