আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (পলিপাড়া গ্রামে) ভয়াবহ ঝড়-বৃষ্টি ও তীব্র বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।
প্রবল ঝড়ে বিদ্যুতের পিলার ভেঙে পড়ে গ্রামটি সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় পানিসহ দৈনন্দিন জীবনে চরম সংকট সৃষ্টি হয়েছে।
ঝড়ের সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে মোছাঃ মোরসেদার একমাত্র বসতঘরের ওপর। এতে মুহূর্তের মধ্যেই তার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। জানা যায়, স্বামীহারা মোরসেদা মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এই দুর্যোগে তিনি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।
এছাড়াও একই ঝড়ে গ্রামের বহু পরিবারের ঘরবাড়ির টিন উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মোঃ তোজাম্মেল হক, মোঃ আছির উদ্দিন, মোঃ সামাদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ বুলবুল, মোঃ আব্দুল কালাম, মোঃ রহিম উদ্দিন, মোঃ আফজাল হোসেন, মোঃ মোকছেদুল, মোঃ মোজাম্মেল হক, মোঃ মাবুদ, মোসাঃ রাহেলা বেগম, মোছাঃ বেগম, মোঃ আবুবক্কর, মোঃ মতিউর রহমান, মোসাঃ সালাম সহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে অনেক ঘরের টিন প্রায় ১–২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। কেউ ধানক্ষেতে, কেউ পাশের বাড়িতে গিয়ে নিজের ঘরের টিন খুঁজে পান। আবার অনেকেই এখনো হারানো টিন খুঁজে পাননি।
বর্তমানে ক্ষতিগ্রস্ত বহু পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

