রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু


আব্দুল মজিদ : রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী “অডিট, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি, কার্যকর বাজেট প্রণয়ন, আধুনিক টেন্ডার প্রক্রিয়া, অডিট কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আর্থিক অনিয়ম প্রতিরোধ, জবাবদিহিতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও রিটার্ন দাখিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজ, নওগাঁর অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ হিস সাফী।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নিচ্ছেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মোঃ হাসানুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ রোমেল হায়দার।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন