ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, রাতে আপস, প্রতিবাদে মানববন্ধন


দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা আইনি প্রক্রিয়ায় না গিয়ে রাতে ‘আপস-মীমাংসা’র মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রতিবাদে থানা-পুলিশের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৩ মে) বিকেলে ফুলবাড়ী থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাতে স্থানীয় কিছু ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টি আপস করা হয়। সম্প্রতি সেই আপস-মীমাংসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই গতকাল স্থানীয় সচেতন নাগরিকেরা দোষী ব্যক্তি ও আপসকারীদের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় কাঁটাবাড়ী গ্রামের কাপড়ের ব্যবসায়ী সাগির আলীর (৭৫) বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, সাগির আলী কৌশলে শিশুটিকে ফুসলিয়ে হাত ধরে ঘরের ভেতর টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কোনো রকমে দরজা খুলে পালিয়ে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে শিশুটি খাওয়া-দাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি বিস্তারিত খুলে বলে।

ওই দিন রাতেই স্থানীয় কিছু ব্যক্তির সহায়তায় ঘটনাটি ধামাচাপা দিতে আপস-মীমাংসার বৈঠক করা হয়। সম্প্রতি সেই বৈঠকের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শনিবারের মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসাইন এবং কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা রাজিন হক, আব্দুল্লাহ আল আরাফাত, হাবিব আহমেদ, সাজ্জাদ হোসেন, সাকিব হোসেন, আরভি অয়ন, মিশোর, নাফিউল, স্বাধীন, মোরসালিন ও লাবীব। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এবং বেআইনিভাবে সালিসকারী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাগির আলী পলাতক থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ভুক্তভোগী শিশুর পরিবার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঘটনাটি জানতে পেরেই ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং তার জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি আরও জানান ভুক্তভোগী শিশুর বাবা একজন প্রবাসী হওয়ায় আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন