নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চ্যানেল এস এর সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মুন্না খান গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মো. সাদ্দাম হোসেন মুন্না মোটরসাইকেল যোগে শিমরাইল মোড় থেকে কাঁচপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি চলন্ত বাস থেকে হঠাৎ একজন যাত্রী লাফিয়ে নামার চেষ্টা করলে, নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রী মোটরসাইকেলের ওপর এসে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
এতে মোটরসাইকেলটি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায় এবং দুজনই আহত হন। আহত সাংবাদিক মো. সাদ্দাম হোসেন মুন্না জানান, “আমি মৌচাক স্ট্যান্ড থেকে চট্টগ্রাম রোড হয়ে কাঁচপুরের দিকে যাচ্ছিলাম। ট্রাক টার্মিনালের সামনে একটি চলন্ত বাস থেকে একজন যাত্রী লাফ দেয়। এতে দুর্ঘটনাটি ঘটে এবং আমরা দুজনই আহত হই। পরে স্থানীয় লোকজন আমাদের কে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে মোঃ সাদ্দাম হোসেন মুন্না মৌচাক কনক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাংবাদিক মুন্নার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিকরা সহ স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা তাঁর খোঁজখবর নিতে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং মুন্নার দ্রুত সুস্থতা কামনা করেন।
