পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভায় ডিসি রায়হান কবির
এসএম মিরাজ হোসেন টিপুঃ
পরিচ্ছন্নতা ও ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা বিষয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির, সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, একটি উন্নত সমাজ গড়তে হলে একজন শিক্ষার্থীকে শুধু ভালো শিক্ষার্থীই নয়, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
তাই আমাদের সন্তান- সন্ততিদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রমসহ সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। সুতরাং পরিবর্তনের শুরু হোক পরিবার থেকেই। আমরা যদি প্রত্যেকে আমাদের সন্তানদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলেই একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, শুধু মাত্র প্রশাসনিক উদ্যোগেই নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বসবাস যোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। তিনি পলিথিনের ব্যবহার কমানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
ইউএনও আরোও জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এসকল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে করে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদের মধ্যেও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।
উক্ত সভায় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জলাবদ্ধতা দূর করা এবং এসম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
