আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক সংবাদপত্র ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর দীর্ঘকালীন প্রকাশক ম্যাক্স ডি লেডারের জুনিয়র পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা দফতরের সাথে সংবাদপত্রের সম্পাদকীয় স্বাধীনতা ও দিকনির্দেশনা নিয়ে মতপার্থক্যের জেরে তিনি এই সিদ্ধান্ত নেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এক অভ্যন্তরীণ নোটিশে লেডারার অবসরের ঘোষণা দিয়ে জানান যে সংবাদপত্রের মিশন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পেন্টাগনের বর্তমান ধারার সাথে মৌলিকভাবে মিলে যাচ্ছে না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংবাদপত্রের সম্পাদকীয় নীতির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা চালালে এই বিরোধ চরমে পৌঁছায়।
১৮৬১ সালে প্রতিষ্ঠিত এই সংবাদপত্রটি সরকারি অর্থায়ন পেলেও অতীতে প্রশাসনের হস্তক্ষেপমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করে এসেছে।
ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সংবাদপত্রটির বিরুদ্ধে ‘উইক ডিস্ট্রাকশন’ বা অপ্রয়োজনীয় বিতর্কিত বিষয় প্রচারের অভিযোগ তোলেন। এছাড়া ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাদের নিম্নমুখী মনোবল ও করুণ দশা সম্পর্কিত প্রতিবেদনগুলোর তীব্র বিরোধিতা করে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সাথে চলমান যুদ্ধে নিয়োজিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ক্রুদের আত্মহত্যার চেষ্টা ও কমতে থাকা মনোবল নিয়ে সংবাদ প্রকাশের পর পত্রিকাটি বিশেষ নজরদারির মুখে পড়ে।
পেন্টাগনের মুখপাত্র শান পার্নেল জানান, সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্দেশ্য হলো এটিকে যুদ্ধরত সেনাদের জন্য কাজ করার ‘মূল মিশনে’ ফিরিয়ে আনা।
এর আগে ট্রাম্প প্রশাসন সংবাদপত্রের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার দায়িত্বে থাকা ন্যায়পাল জ্যাকলিন স্মিথকে অপসারণ করে। স্মিথ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, এটি রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কাই বাড়িয়ে তুলেছে।
লেডারারের এই পদত্যাগ সরকারি অর্থায়নে পরিচালিত একটি সামরিক সংবাদপত্র পেন্টাগনের নজরদারির অধীনে থেকে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে বড় ধরণের উদ্বেগের জন্ম দিয়েছে।
