ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশর পরও মামলা রেকর্ডে অনিহার অভিযোগে এ আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন। গত রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন।
তিনি জানান, গত রোববার দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে অভিযোগ করেন তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা করেননি। এর পর আদালতে মামলা করলে বিচারক এফআই আর হিসিবে রেকর্ডের নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন। এ নিয়ে ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত দিলে বিাচারক ওসিকে দাগনভূইয়া থানা থেকে প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপি পাঠানো হয়।
আদালত আদেশে উল্লেখ করেন, ওসি তার কর্মকাণ্ডের কারণে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।
