সিংড়ায় ভাই-বোন পেল জিপিএ-৫, হতে চায় ডাক্তার-পুলিশ


এনামুল হক বাদশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ভাই-বোন ইব্রাহিম খলিল উল্লাহ্ ও ইসরাত জাহান সুরাইয়া। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই ফলাফল করে তারা।

ইব্রাহিম ও সুরাইয়া উপজেলার কৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও গৃহিনী মোছা. খাদিজা খাতুন দম্পতির সন্তান। ভাই-বোনের এমন সাফল্যে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খুশি।

সুরাইয়া ১১৬৫ নম্বর পেয়ে উপজেলার মেধা তালিকায় ৪র্থ ও ইব্রাহিম ১১৬৪ নম্বর পেয়ে ৫ম স্থান অর্জন করেছে বলে জানা যায়। তারা একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। সুরাইয়ার চেয়ে ইব্রাহিম বয়সে এক বছরের বড়। এবার একসঙ্গে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তারা আনন্দিত বলে জানায়। এই সাফল্যের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ। সুরাইয়া ভবিষ্যতে চিকিৎসক ও ইব্রাহিম  পুলিশ ক্যাডারের কর্মকর্তা হতে চায়।

ইব্রাহিম ও সুরাইয়ার বাবা সুলতান আহমেদ বলেন, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে তাঁর দুই সন্তান। দুজনই জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন