হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে রক্তাক্ত স্ত্রী!


চট্টগ্রাম প্রতিনিধি : মীরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষের দরজার পাশ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে (২৪) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের ১০ মাস বয়সী শিশুকন্যা ফাতিহা আক্তারকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোন আবাসিকের ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী তাহমিনা উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

হোটেল ম্যানেজার মো. সোহান জানান, রোববার দুপুরে স্বামী-স্ত্রী হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে তারা দুইবার বাইরে যান। সকালে তাদের কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করা হয়। পরে ভেতর থেকে তাহমিনা রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন। কক্ষে ঢুকে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরনে সাদা হাফ জার্সি প্যান্ট এবং খালি গায়ে ছিলেন তিনি।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী জানান, তাহমিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  মর্গে পাঠানো হয়েছে। আমিনুলের মৃত্যুর কারণ এবং তার স্ত্রী কীভাবে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন