বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ


আব্দুল মজিদ, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখার কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান নৈশপ্রহরীর বরাত দিয়ে জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। পেট্রোল বোমা নিক্ষেপের বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নেভান। এতে কেউ হতাহত হননি। ব্যাংকেরও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা পেপসির বোতলসদৃশ কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন