নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) জেলা এনএসআই, নেত্রকোণার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরেজমিনে এ অনিয়মের বিষয়টি শনাক্ত করা হয়। এ সময় সাকুয়া বাজারের এমএস মরিয়ম ট্রেডার্স নামের দোকানে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারিত থাকলেও তা ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অর্থাৎ নির্ধারিত মূল্যের চেয়ে ২৪০ টাকা বেশি দামে সিলিন্ডারটি বিক্রি করা হচ্ছিল।
বিষয়টি জেলা এনএসআই, নেত্রকোণার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করা হলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দোলা ভসাক অভিযান পরিচালনা করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এমএস মরিয়ম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।
