মো. নাজমুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধিঃ জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে তাঁদের দেওয়া তথ্য ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা তরুণী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯), তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর কাউসার ও তাঁর বাবা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসারের নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দালালের মাধ্যমে তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে এখানে এসেছেন।
পরে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কাউসারের কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি দেখতে পান কর্মকর্তারা। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
