মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দাসংলগ্ন একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদক। তিনি নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
ঘটনার সময় ফাহিম রহমান খান ঢাকায় অবস্থান করছিলেন। মুঠোফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁদের সহযোগীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেন।
এদিকে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন ফাহিম রহমান খান পাঠান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
