আব্দুল মজিদ, নাটোর : ‘আমি কি চিকিৎসা নেব, নাকি কাগজপত্র সংশোধনের জন্য দফতরে দফতরে ঘুরব? জীবন বাঁচানোর লড়াইয়ের চেয়ে কি এখন কাগজপত্রের লড়াই বড় হয়ে দাঁড়িয়েছে?’- এমন হৃদয়বিদারক প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার নাটোর প্রতিনিধি সাংবাদিক ইসাহাক আলী। গুরুতর অসুস্থতা, উন্নত চিকিৎসার প্রয়োজন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রশাসনিক জটিলতায় পড়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।
জীবন বাঁচাতে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলেও আটকে আছে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। আর পাসপোর্ট না হলে মিলবে না ভিসা। ফলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথও কার্যত বন্ধ হয়ে আছে। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে কাগজপত্রের জটিলতা-দুইয়ের চাপে মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই সংবাদকর্মী।
নিজের পারিবারিক জীবনের এক বেদনাদায়ক ইতিহাস তুলে ধরে ইসাহাক আলী জানান, জন্মের পর থেকেই তিনি বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে লালিত-পালিত হয়েছেন। তাদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে বড় হয়েছেন তিনি। পরবর্তী সময়ে জানতে পারেন, এতদিন যাকে মেজ চাচা হিসেবে জেনে এসেছেন, সেই সুলতান মাহমুদই তার প্রকৃত বাবা এবং কমলা বেগম তার প্রকৃত মা।
কিন্তু জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে রয়েছে পালিত বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলপত্রে রয়েছে প্রকৃত বাবার নাম। ফলে সম্পত্তি বেচাকেনা থেকে শুরু করে বিভিন্ন দাপ্তরিক কাজেই দীর্ঘদিন ধরে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশোধন ও এফিডেভিটসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন তিনি। কিন্তু জাতীয় পরিচয়পত্র সংশোধনের পর্যায়ে এসে নতুন করে প্রশাসনিক জটিলতায় পড়েন।
ইসাহাক আলীর ভাষ্য অনুযায়ী, তার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে সরেজমিনে তার বাড়ি পরিদর্শন করা হয়। এ সময় প্রতিবেশী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার পারিবারিক পরিচয়ের বিষয়টি যাচাই করা হয়। এরপরও তাকে রাজশাহী বিভাগীয় নির্বাচন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি জানান, শিক্ষাগত সনদ আপাতত কোনো কাজে ব্যবহার করবেন না- এমন অঙ্গীকারনামা স্ট্যাম্পে লিখিতভাবে জমা দিয়েছেন। এরপরও নির্বাচন কমিশন থেকে আগামী ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
তার অভিযোগ, শিক্ষা বোর্ডের নিয়মিত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে মাত্র ১৫ দিনের মধ্যে দুটি শিক্ষাগত সনদ সংশোধন করা বাস্তবসম্মত নয়। ফলে একদিকে অসুস্থ শরীর নিয়ে চিকিৎসার প্রস্তুতি, অন্যদিকে বিভিন্ন দপ্তরে কাগজপত্র সংশোধনের দৌড়ঝাঁপ-সব মিলিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
ইসাহাক আলীর সবচেয়ে বড় উদ্বেগ এখন চিকিৎসা নিয়ে। তার বক্তব্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র সংশোধন না হলে পাসপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। পাসপোর্ট ছাড়া ভিসা পাওয়া যাবে না। আর ভিসা না হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগও তৈরি হবে না।
এ অবস্থায় শয্যাশায়ী পালিত বাবা এবং ঢাকায় অবস্থানরত প্রকৃত বাবা-মাকে নিয়েও তিনি উদ্বিগ্ন। নিজের চিকিৎসার অনিশ্চয়তার পাশাপাশি পরিবারের সদস্যদের পরিস্থিতি তাকে আরও মানসিক চাপে ফেলেছে।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে কয়েক মিনিট কথা বলেও নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি। সেখানে বিনা চিকিৎসায় তার মৃত্যু হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে দায়ী করবেন বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য মূলত প্রশাসনিক জটিলতার কারণে চিকিৎসা বিলম্বিত হওয়ার আশঙ্কা ও গভীর হতাশারই বহিঃপ্রকাশ।
আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চারটি দাবি জানিয়েছেন সাংবাদিক ইসাহাক আলী। দাবিগুলোর মধ্যে রয়েছে-তার গুরুতর শারীরিক অসুস্থতা ও জরুরি চিকিৎসার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা; উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার সরেজমিন তদন্ত প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসন করা; এসএসসি ও এইচএসসি সনদ সংশোধনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের বাস্তবসম্মত প্রক্রিয়া অনুযায়ী যুক্তিসংগত সময় দেওয়া এবং সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত আইনসম্মতভাবে এনআইডি সংশোধন, পাসপোর্ট তৈরি ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার বিকল্প ব্যবস্থা করা।
ইসাহাক আলীর এই সংকট কেবল একজন সাংবাদিকের ব্যক্তিগত ভোগান্তির বিষয় নয়; এটি প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে জরুরি মানবিক প্রয়োজনের সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও সামনে এনেছে।
আইন ও বিধিবিধান মেনে নাগরিকের পরিচয় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে একজন গুরুতর অসুস্থ মানুষের জরুরি চিকিৎসার পথ যেন দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে না যায়, সেটিও বিবেচনার দাবি রাখে। কাগজপত্রের সত্যতা যাচাই অবশ্যই প্রয়োজন, তবে সেই যাচাইয়ের প্রক্রিয়ায় চিকিৎসার সময় ও সুযোগ যেন হারিয়ে না যায়-এটাই এখন তার পরিবারের প্রত্যাশা।
ইসাহাক আলীর প্রশ্ন-‘মানুষের জন্য আইন, নাকি আইনের জন্য মানুষ?’
জীবন বাঁচানোর এই আকুতির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত মানবিক ও আইনসম্মত পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি, তার পরিবার এবং সহকর্মীরা।
