বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধন

 


‎এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় খামারিদের উদ্বুদ্ধ করার প্রত্যয়ে বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. রেজাউল করিম বাদশা।

‎অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল এবং বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শেখ তাহাউদ্দিন নাহিন।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়ার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ডেইরি ও অন্যান্য প্রাণিসম্পদ খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।

‎বক্তারা আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের ভূমিকা অপরিসীম। স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দুধ পান সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সাফল্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন