নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব পাড়ে যাত্রী সেজে এসে চলন্ত যাত্রীবাহী লোকাল বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ‘মামা-ভাগিনা’ পরিবহন নামের একটি লোকাল বাস সম্পূর্ণ পুড়ে গেছে, তবে এ ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার  সকাল ৮ ঘটিকার সময় কাঁচপুর সেতুর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাহাড়িকা পরিবহনের ব্যানারে চলাচলকারী সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী লোকাল বাসটি কাঁচপুর এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামানো হয়। এ সময় যাত্রী সেজে বাসের পেছনের সিটে বসে, আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে সোনারগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) শামীম আগুন নেভানোর চেষ্টা করেন। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন