আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
ট্রেনে দুই পূর্ণবয়স্ক যাত্রীর কাছ থেকে ১ হাজার ২০০ টাকা আদায় করে ৭০০ টাকার দুটি চাইল্ড টিকিটের রসিদ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের এক টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। শুধু অর্থ আদায়েই নয়, টাকা দিতে আপত্তি জানালে যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্ট টিটিইর কাছে চাইল্ড টিকিট দেওয়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৯৩) ছ নম্বর বগিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রী মো. আমিনুল ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম ও তাঁর ভাই ঢাকা থেকে পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। তাড়াহুড়োর কারণে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে না পেরে তাঁরা পঞ্চগড় এক্সপ্রেসে ওঠেন। পরে কর্তব্যরত টিটিইর কাছে টিকিট চাইলে দুই পূর্ণবয়স্ক যাত্রীর জন্য তিনি ১ হাজার ২০০ টাকা দাবি করেন। এ সময় অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদ করলে টিটিই তাঁদের সঙ্গে অসদাচরণ করেন এবং টাকা না দিলে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে বাধ্য হয়ে অভিযোগকারী ১ হাজার টাকা নগদ এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু ১ হাজার ২০০ টাকা নেওয়ার পর তাঁদের ঢাকা থেকে পার্বতীপুরের পূর্ণবয়স্ক যাত্রীর টিকিট না দিয়ে ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত দুটি চাইল্ড টিকিটের রসিদ দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ের ইস্যু করা ওই রসিদে যাত্রীসংখ্যা দুই, টিকিটের ধরন ‘CWT (Child Without Ticket)’ এবং সর্বমোট ভাড়া ও অতিরিক্ত ভাড়াসহ ৭০০ টাকা উল্লেখ রয়েছে। অর্থাৎ অভিযোগকারীর দাবি অনুযায়ী, আদায় করা ১ হাজার ২০০ টাকা ও রসিদে উল্লেখিত ৭০০ টাকার মধ্যে ৫০০ টাকার ব্যবধান রয়েছে।
রসিদে টিটিইর পরিচিতি নম্বর হিসেবে ‘LMHLMH04’ এবং ইএফটি নম্বর হিসেবে ‘LMHLMH04261123020845’ উল্লেখ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট টিটিইর বিরুদ্ধে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল), বাংলাদেশ রেলওয়ে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের সঙ্গে রসিদের ছবি ও বিকাশে টাকা পাঠানোর লেনদেনের তথ্যও সংযুক্ত করেছেন তিনি। এ ছাড়া ওই টিটিই ট্রেনের অন্য সাধারণ যাত্রীদের সঙ্গেও একই ধরনের দুর্ব্যবহার ও অনিয়ম করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাটের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফেরদৌস বলেন, “আমরা অভিযোগটি পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। আর তিনি কেন চাইল্ড টিকিট দিয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
একজন যাত্রীর কাছ থেকে আদায় করা অর্থের তুলনায় কম টাকার টিকিটের রসিদ দেওয়ার অভিযোগটি রেলওয়ের টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা ও ঘটনার পেছনের কারণ কী উঠে আসে, সেটিই দেখার বিষয়। ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত, আদায় করা অতিরিক্ত অর্থের বিষয়ে ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট টিটিইর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
