মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ বছর কুমিল্লা নগরী ও জেলার ১৭টি উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮শ' ১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ৯শ' ৫০ জন পুলিশ সদস্য, ৯০টি মোবাইল টহল টিমসহ গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাশেদুল হক চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, জেলার ৮শ' ১৮টি পূজামণ্ডপের মধ্যে গুরুত্ব বিবেচনায় সেগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে—গুরুত্বপূর্ণ, সাধারণ ও অতি-সংবেদনশীল। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তায় ৯শ' ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে স্থায়ী ফোর্স ও ফিক্সড টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি পুলিশের ৯০টি মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিবে। প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য মোটরসাইকেল টিম নিয়োজিত থাকবে। এছাড়া ডিবির কুইক রেসপন্স টিম জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবে। গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে ডিএসবির দক্ষ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করবেন।
তিনি আরও জানান, পূজাকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কিংবা অন্যকোন অপরাধ যাতে সংঘটিত না হয়, সেদিকে সর্বোচ্চ নজর রাখবে দায়িত্বরত পুলিশগণ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গুজব ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে। একটি বিশেষ টিম সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে নজরদারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ গুজব বা অপপ্রচার চালিয়ে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
