ফুলবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 
পৃথকভাবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। তিনি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “তোমরা আগামী দিনের আলোকবর্তিকা। সৎ, জ্ঞানী ও দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে ওঠাই হবে তোমাদের মূল লক্ষ্য। নিয়মিত পাঠ অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমেই তোমরা নিজেকে দেশের সম্পদে পরিণত করতে পারবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক মো. সাইফুদ্দীন এমরান। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, দর্শন বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোছাদ্দেকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠানের শুরুতে কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর নবাগত শিক্ষার্থীদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে দেন। পরে তাদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এদিকে ফুলবাড়ী উপজেলার অন্যান্য কলেজেও একইদিনে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন