আব্দুল জলিল , সাতক্ষীরা : সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা বেগম গ্রেফতার । রবিবার রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা এলাকার নিজ বাড়ি থেকে দুই সহযোগিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় আনজুয়ারা বেগম (৪৬), তার সহযোগি আসিফ (১৪) এবং আব্দুর রহিমকে (৩৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ পিস ইয়াবা, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। পরে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় জানান , আনজুয়ারা বহু বছর ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন—সব ধরনের মাদক তার বাড়ি থেকেই বিক্রি হয়। কেউ বাধা দিতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো।
এছাড়া তার স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামছুল আলম এবং ভাই আশরাফুল ইসলামও একই চক্রের সঙ্গে যুক্ত। গ্রেপ্তার অভিযানের পর স্থানীয়রা তাদেরকেও দ্রুত আটক করার দাবি জানিয়েছেন।
ক্যাপ্টেন নাহিদ বলেন- আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ অভিযানে তার দীর্ঘদিনের অবৈধ সাম্রাজ্যের পতন ঘটল।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন- আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Tags
সাতক্ষীরা
