কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১



হাফেজ নজরুল :

কুমিল্লার মুরাদনগরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সাগর মিয়া(২৭) মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। 

গত ২৪ আগস্ট রবিবার ভোররাতে কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। নিহত মালু মিয়া হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেপুর গ্রামের মৃত চান্দার আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার নিমসার বাজার থেকে নিয়ে আসা কাঁচামাল বোঝাই একটি সিএনজি অটোরিকশা নবীনগরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশা যাত্রী কাঁচা তরকারি ব্যবসায়ী মালু মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং চালক সাগর মিয়া আহত হয়ে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাঙ্গরা বাজার থানায় খবর দিলে পুলিশ এসে সিএনজি ও ট্রাক জব্দ করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কুমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মালু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন