ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬০


ডেইলি নিউজ ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু দ্বীপ। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯ (ছয় দশমিক নয়)। এতে এ দ্বীপটির বিভিন্ন এলাকার বহু ভবন মাটিতে ধসে পড়েছে।  এই সংবাদ লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।  সূত্র- রয়টার্স।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকর্মীরা কাজ করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময়  রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে ফিলিপাইনের সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহরের কাছে।  এই শহরটিতে প্রায় ৯০ (নব্বই) হাজার মানুষের বসবাস। এখানেই চার শিশুসহ ৯জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছে।  বোগো শহরের কাছাকাছি সান রেমিগিও এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ।  তাবুয়েলানে এলাকায়ও একজনের মৃত্যু হয়েছে। সান রেমিগিও এলাকার একটি খেলাধুলার স্থান থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য। একই এলাকার আরেক স্থানে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক শিশু মারা গেছে।


স্থানীয় উদ্ধারকারী দলের কর্মকর্তা উইলসন রামোস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। উদ্ধারকাজ এখনো চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। রাতের অন্ধকার এবং ভূমিকম্প-পরবর্তী একাধিক পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সেবু শহরসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মধ্যরাতের পর ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন জানিয়েছে, সেবুসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন