সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ ও ছত্রাকনাশক (ফাঙ্গিসাইড) জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ১৩ ফেব্রুয়ারি বিকেল ও সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালান রোধে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় টহল জোরদার করা হলে পৃথক দুটি স্থানে এসব পণ্য উদ্ধার করা হয়।
প্রথম অভিযানটি ১৩ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বেনীপুর বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুগ্ধাপুর গ্রামের একটি আমবাগান থেকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
দ্বিতীয় অভিযানটি একই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সামন্তা বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। সীমান্ত পিলার ৫৯/১-এস থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে তেঁতুল মিয়ার ভুট্টাক্ষেতের দক্ষিণ পাশ থেকে ২ হাজার ৪৮ পিস ভারতীয় ওষুধ এবং উল্লেখযোগ্য পরিমাণ ছত্রাকনাশক (ফাঙ্গিসাইড) জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত মাদক ও ওষুধ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
