গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বিতর্কিত নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এলাকায় ফিরে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও দাপ্তরিক কাজে হস্তক্ষেপের পাশাপাশি তার দুই ছেলের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে গুরুদাসপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি অবৈধ সুবিধা না পেয়ে গুরুদাসপুর পৌরসভার সচিব হাসানুজ্জামানকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালমন্দ করেছেন এমপি আবদুল আজিজ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনাটি ওই সচিব সরকার দলীয় এক মন্ত্রীকেও অবগত করেছেন বলে জানা গেছে।
গুরুদাসপুর পৌর সভার সচিব হাসানুজ্জামান বলেন, তিনি অসুস্থ অবস্থায় গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে এমপি মহোদয় মোবাইল ফোনে রিং দেন। কথোপকথনের এক পর্যায়ে এমপি তাকে অশালীন ভাষায় গালমন্দ করেন। সরকারি কর্মকর্তা হিসেবে এমপির এমন আচরণে তিনি ভেঙে পড়েছেন।
এদিকে আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে চাপ প্রয়োগ করার কথাও জানিয়েছে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র। ওই সূত্রের দাবি, আওয়ামী লীগের পদধারী এক নেতাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে ফোন করে বাধ্য করতে চান এমপি। এক পর্যায়ে এমপির এমন বেআইনি প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওসির ওপর অসন্তোষ প্রকাশ করেন এমপি আবদুল আজিজ। দলীয় সূত্র মতে, এমপির বেইআনি দাবি প্রত্যাখান করায় বিনপির দলীয় এবং সরকারিভাবে প্রসংশিত হয়েছেন ওসি।
এই ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম।
স্থানীয় একাধিক সূত্র বলছে, সরকারি কর্মকর্তাদের নিজস্ব বলয়ে আনতে এমপি এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগ নানাভাবে অতৎপরতা শুরু করেছেন বলেও অভিযোগ উঠেছে।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়ার বদলিকে কেন্দ্র করে ২০ লাখ টাকার একটি বিল দ্রুত পাস করানোর জন্য তোড়জোড় শুরু করেছেন এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগ।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এমপি আজিজের পরিদর্শন কক্ষের সাজসজ্জা করণের ব্যয় হিসেবে ২০ লাখ টাকা দাবি করে বিল ভাউচার প্রস্তুত করেন এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগ। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা ছেলের অবৈধ বিল ভাউচারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। অবৈধ এই সুবিধা না পেয়ে বিক্ষিপ্ত হয়ে পড়েছেন সোহাগ।
অন্যদিকে, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় এমপির বড় ছেলে নুরুজ্জামান মিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। উপজেলা প্রশাসনের একটি সূত্র বলছে, কিছুদিন আগে মাদক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুরুদাসপুরের মাদক সম্রাট ভম্বু ও তার স্ত্রীকে সাদা দেওয়া হয়। অভিযোগ রয়েছে এমপি ও তারপর ছেলে হত্যা মামলায় কারাগারে থাকা নুরুজ্জামান মিন্টুর তত্ত্বাবধানে মাদকের বিস্তার ঘটিয়েছেন ভম্বু।
মাদকসম্রাট ভোম্বু ওটার স্ত্রীর মামলার নথি আদালতে পাঠানোর জন্য কারাগার থেকেই এমপির ছেলে মিন্টু চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। এসব ঘটনার একাধিক প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি একাধিক নেতা কর্মীর দাবি, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জেরে এমপি আবদুল আজিজকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এলাকায় ফিরে তার ও পরিবারের সদস্যদের এমন তৎপরতায় স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ ও তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
