বেনাপোলে ককটেল হামলায় স্থলবন্দরের দুই শ্রমিক নেতা আহত
যশোর বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোলে ককটেল হামলায় বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের তবিবুর রহমান তবী ও লোকমান হোসেন নামে দুই শ্রমিক নেতা আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে হামলাকারীদের কেউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১ ঘটিকার সময় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার স্থানীয় বিএনপি নেতাদের সাথে সীমান্তে সন্ত্রাস বিরোধী মিছিলে অংশগ্রহণ করে শ্রমিক নেতা তবি ও তার সহকর্মীরা । পরে রাত ১ টার সময় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ছোট আঁচড়ায় ফিরছিলেন তবি ও লোকমান। এসময় ছোটা আচঁড়া এলাকায় তবির বাড়ির সামনে পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাদের বহনকারী মোটরসাইকেল লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে একটি ককটেল বিস্ফোরিত হলে তবি ও লোকমান আহত হন।
ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত দুজনের মধ্যে লোকমান হোসেন যশোর শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছেন এবং শ্রমিক নেতা তবি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরোও জানাযায়, তবিবুর রহমান তবী বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং লোকমান হোসেন বেনাপোল স্থলবন্দরের একজন সাধারণ শ্রমিক।
এদিকে শ্রমিক নেতা তবী ও বন্দর শ্রমিক লোকমানের উপর এই ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিক ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। উক্ত বিক্ষোভ মিছিলে বন্দরের সকল শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করপন, এসময় বন্দরের শ্রমিক কর্মচারীদের মিছিলে অংশগ্রহনের কারনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী শ্রমিক নেতা ও স্থানীয় বিএনপি নেতারা তাদের দেওয়া বক্তব্যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন যে, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা না-নিলে বড় ধরনের আন্দোলনের ঘোষনা দিবেন তারা।
