রায়পুর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে নুসাইবা তাসনিম, ২য় স্থান অর্জন করেছে রুদ্রনীল নন্দী এবং ৩য় স্থান লাভ করেছে সাজিদা সুলতানা। একই বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর এ কৃতিত্বে বিদ্যালয় পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও অধ্যবসায়ের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের এ সাফল্য বিদ্যালয়ের সুনামকে আরও সমুন্নত করেছে। এ অর্জনের পেছনে শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি তারা যেন দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা নিয়ে আগামী দিনেও আরও বড় সাফল্য অর্জন করতে পারে—সে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
