- সাতক্ষীরার তালায় বিএনপির সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-১ আসনে সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তালা উপজেলা বিএনপি। সোমবার বিকেলে তালা ডাকবাংলো চত্ত্বরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, জেলা প্রশাসক আফরোজা আখতার ও নির্বাচনী কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপে এই নির্বাচনে বড় ধরনের ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তারা দাবি করেন, প্রশাসনের সাজানো নীল নকশা অনুযায়ী সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় বিপুল পরিমাণ ভুয়া ব্যালটে সিল মেরে বাক্সে ভরে অস্বাভাবিকভাবে ৭৫-৮০ শতাংশ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে, যা বাস্তবে অসম্ভব। সংবাদ সম্মেলনে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
