মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জারি করা এ প্রজ্ঞাপনে ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করা হয়েছে।
একইদিন রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিগত সব দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে।
কে কোন মন্ত্রণালয় পেলেন
দপ্তর বণ্টনে দেখা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আমিন উর রশিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী দায়িত্ব পালন করবেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মোকতাদির।
এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম রিতা, পানিসম্পদ মন্ত্রণালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দায়িত্ব পালন করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবিব বুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাকারিয়া তাহের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান দায়িত্ব পালন করবেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন—
এম রশিদুল জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে, মো. শরিফুল আলম বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন শ্যামা ওবায়েদ। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ দায়িত্ব পালন করবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর হেলাল উদ্দীন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন মো. নুরুল হক নুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এম এ মুহিত দায়িত্ব পালন করবেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আহম্মদ সোহেল মঞ্জুর, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং উন্নয়ন কার্যক্রম নতুন করে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা জনগণের।
