মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : আইজিপি



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল গত শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুধী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, মাদকের আসক্তি আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি বলেন, তরুণদের একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মেও মাদকে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের লেখাপড়ায় মনোযোগ কমে যাচ্ছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে তিনি বলেন, যারা শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজের সব শ্রেণী-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্ট্রার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি নাসিরুদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, ব্যবসায়ী আব্দুল মতিন সিরাজী, স্পারো অ্যাপারেলসের মালিক শোভন ইসলাম, সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা শহরের যানজট নিরসন, টঙ্গী এলাকায় ছিনতাই দমন, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সমাবেশ শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন