দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সিরাজুল আলম সামস (৭)। সে স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ইফতারের পর বাড়ির সামনে খেলছিল সামস। এ সময় তার এক চাচাতো ভাই তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রথমে স্বজনরা আশপাশের বাড়ি ও প্রতিবেশীদের কাছে খোঁজ নিতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে।
রাত সাড়ে আটটার দিকে বাড়ির অদূরে আমরুল বাড়ী ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টাক্ষেতে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
স্বজনদের দাবি, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একজন সন্দেহভাজন আসামিকে নিয়ে ঘটনাস্থল সংলগ্ন ভুট্টাক্ষেতে তল্লাশি চালিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, সামস ছিল চঞ্চল ও সবার প্রিয় শিশু। এমন নির্মম ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
.jpg)