মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন, যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে করে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।
বি এম এন্টারপ্রাইজের চালক আজাদ বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যাত্রী পূর্ণ হলেই গন্তব্যে রওনা দেব।”
কুড়িগ্রাম যাত্রী ঝর্না আক্তার জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবে। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”
রংপুরগামী সিয়াম পরিবহনের সুপারভাইজার রাসেল বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে, কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।”
