যশোরে কয়েক সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন


মালিকুজ্জামান কাকা (যশোর) : যশোরের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার শ্যালিকাকে জিম্মি করে থানায় ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে এই চাঁদা দাবি করা হয়। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাজেদা আফরোজ, শ্বশুর সাজেদুর রহমান ও শাশুড়ি সেলিনা খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি জানান, তার শ্যালিকা কিছুটা মানসিকভাবে অসুস্থ। ছোটবেলা থেকে তিনি তাকে লালন-পালন করে আসছেন। তাদের পারিবারিক সম্পর্কের কারণে শ্যালিকার সঙ্গে তার কিছু ব্যক্তিগত ছবি রয়েছে। এসব ছবি ব্যবহার করে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করছে। এই চাঁদা না পেয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করিয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি দাবি করেন, প্রথমে ‘স্বদেশ বিচিত্রা’র সাংবাদিক পরিচয়ে আসিফ আকবর সেতু নামে এক ব্যক্তি তার কাছে গত ৮ মার্চ ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার শ্যালিকাকে প্ররোচিত করে একটি ভিডিও বার্তা তৈরি করা হয় এবং মিথ্যা অভিযোগ ছড়ানোর হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, গত ১২ মার্চ ডিবিসি নিউজের কথা বলে এশিয়ান টিভির শামীমসহ কয়েকজন তাকে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি অফিসে ডেকে নেন। সেখানে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ‘নিউজ বন্ধ’ এবং ‘মামলা থেকে রক্ষা’ করার কথা বলে মোট ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, তার শ্যালিকাকে জিম্মি করে রাখা হয়েছে। তাকে ফেরত দেওয়ার বিনিময়ে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। এজন্য মণিরামপুরের সুমন ও জাকির নামের দুই সাংবাদিক আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

ডাক্তার রাফসান জানি বলেন, এখনো তিনি তার শ্যালিকার সন্ধান পাননি। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ঐ শ্যালিকা। যা বর্তমানে তদন্তাধীন।

এ বিষয়ে ডিবিসি নিউজের সাংবাদিক সাকিরুল কবীর রিটন জানান, অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষ থেকে বক্তব্য চাওয়া হয়েছে, কোনো চাঁদা দাবির কথা তার জানা নেই। এছাড়া আসিফ আকবর সেতু ও শামীম নামে ব্যক্তির সঙ্গে তার কোনো পরিচয় নেই বলে তিনি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন