আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের দায়ে মো. ইমদাদুল হক (৬৩) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নুরপুর চকপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ইমদাদুল হক ওই গ্রামের মৃত ওছিমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে ইমদাদুল হককে গাঁজাসহ আটক করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এ সময় উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই বাগাতিপাড়ায় শান্তিতে থাকতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে ইমদাদুল হক নিজের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

