মালিকুজ্জামান কাকা (যশোর) : আগামী ২৮ মার্চ যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দুটি প্যানেল ভোটযুদ্ধে নেমেছে। একটি হলো শাহজাহান আলী বিশ্বাস ও ইসতিয়াক আহমেদ পরিষদ। অপরটি তাজু-বোরহান পরিষদ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক তাজু-বোরহান পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্রে কাটাকাটি, ওভাররাইটিংসহ নানা অসঙ্গতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল প্রার্থীরা হলেন, সহসভাপতি পদ প্রার্থী একেএম আকরাম হোসেন ও শাহানাজ সুলতানা রিনা, সদস্য পদপ্রার্থী তানজীন নুর পূর্বাশা। এছাড়া এদিন এ পরিষদের আরও দুই সদস্য প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন জুয়েল আক্তার ও খন্দকার তানভীর মো. তাওসীফ।
এর আগে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম নির্বাচনে অংশ নিয়েছেন। ৩১ প্রার্থীর মধ্যে ৫ জন বাতিল। ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক।
যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, শাহজাহান আলী ও ইসতিয়াক আহমেদ পরিষদের প্রার্থী হয়েছেন—সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস, সহসভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরি, সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আবুল কালাম। সদস্য পদে রয়েছেন চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক ও আরিফ মাহমুদ দোলন।
তাজু-বোরহান পরিষদের প্রার্থী সভাপতি পদে তাস হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবী চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়। সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান ও আলী বুদ্দিন খান আলী। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষ। ১৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে। ২৮ মার্চ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
