সাতক্ষীরার কালীগঞ্জে রাস্তার পাশে তালা খোলা দামি বাইক ঘিরে জমে উঠেছে রহস্যের পাহাড়

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-শ্যামনগর সড়কের পাশে কলেজের সামনে রহস্যজনকভাবে বাইকার ছাড়াই পড়ে থাকা একটি নতুন মডেলের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে স্থানীয়দের উদ্যোগে মোটরসাইকেলটি কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়। তবে কে বা কারা, কেন এভাবে একটি প্রায় নতুন মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রেখে গেল তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।

স্থানীয় সমাজকর্মী ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু জানান, ঘটনাটির সূত্রপাত সোমবার রাতেই। প্রথমে সাতক্ষীরা– ল ১৩–৮৩১০ নম্বরের মোটরসাইকেলটি দেখতে পান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান। তিনি কালীগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় একটি কলার দোকান পরিচালনা করেন। দোকান বন্ধ করার সময় তিনি রাস্তার পাশে একটি নতুন মডেলের মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও আশপাশে কাউকে না দেখে বিষয়টি তার নজরে আসে।

রাত গড়িয়ে গেলেও মোটরসাইকেলটির মালিক বা কোনো ব্যক্তি সেখানে আসেনি। সারারাত একই জায়গায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পরদিন সকালে আব্দুর রহমানের মনে সন্দেহ জাগে। বিষয়টি তিনি স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলামকে অবহিত করেন।

কুশুলিয়া ইউপি সদস্য খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি দেখেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সকলের সম্মতিক্রমে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ করেই মোটরসাইকেলটি চোখে পড়ে। আশপাশে কাউকে দেখা না যাওয়ায় তিনি ভাবেন হয়তো কেউ রেখে গেছে। কিন্তু পরদিন সকালেও একই জায়গায় সেটি পড়ে থাকতে দেখে তার মনে সন্দেহ তৈরি হয় এবং তখনই তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান।

কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়েছে। বাইকের নিবন্ধন নম্বর রয়েছে। সেই নম্বরের সূত্র ধরে প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। কেন এবং কী কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখা হবে।

এদিকে হঠাৎ করে ব্যস্ত সড়কের পাশে একটি প্রায় নতুন মোটরসাইকেল পড়ে থাকার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা–কল্পনা। কেউ বলছেন, হয়তো কোনো দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ফেলে রেখে পালিয়েছে কেউ। আবার কারও ধারণা, কোনো অজানা ঘটনার সূত্র লুকিয়ে থাকতে পারে এই মোটরসাইকেলের মধ্যেই।

তবে শেষ পর্যন্ত তদন্তেই বেরিয়ে আসবে কার এই মোটরসাইকেল এবং কী রহস্য লুকিয়ে আছে কালীগঞ্জের ওই নিস্তব্ধ রাস্তার পাশে পড়ে থাকা বাইকটিকে ঘিরে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন