আব্দুল জলিল, সাতক্ষীরা :সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা আদালত চত্বর থেকে রালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত চত্বরে এসে শেষ হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে স জেলা লিগ্যাল এইড কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি প্রসঙ্গে বক্তারা বলেন , বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ৩১ মার্চ পর্যন্ত সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ২১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে।
এ সময়ের মধ্যে ৫২০টি মামলা দায়ের এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের আওতায় ১৬০০টি আবেদন দায়েরের বিপরীতে ১৪৮১টি নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, যা দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উক্ত সময়ে ১১০৬ জন নারী এবং ৩৭৬ জন পুরুষকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। মোট ২১৬৫ জন উপকারভোগী এই সেবার আওতায় এসেছে।
এডিআরের মাধ্যমে মোট ৯৯,৭৮,০০০/- (নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার) টাকা আদায় করা সম্ভব হয়েছে, যা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত।
এছাড়াও আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন প্রাপ্ত হয়েছে, যা আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তৃতি ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।
জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরা সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসের এই তাৎপর্যপূর্ণ সময়ে বিচারপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
