এ,বি,এম, হাবিবুর রহমান হাবিব:
গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো নওগাঁ জেলা সরকারি এলএসডি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শ্রমিকদের সরব উপস্থিতি আর ভোটের প্রাণচাঞ্চল্যে দিনব্যাপী এই আয়োজন যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণে সভাপতি পদে নুর ইসলাম চাম্পা এবং সাধারণ সম্পাদক পদে মো. মিঠু মন্ডল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে নওগাঁ জেলা সরকারি খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে এই ভোট গ্রহণ। ৯ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক—প্রায় সকল পদেই ছিল সরাসরি লড়াই, যা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
সর্বমোট ৮৯ জন ভোটারের মধ্য সকল ভোটার উপস্থিত ও ভোট প্রদান করেছেব। ভোটের ফলাফলে দেখা যায়, গোলাপফুল প্রতীকে ৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নুর ইসলাম চাম্পা। অপরদিকে মাছ প্রতীকে ৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মিঠু মন্ডল। মোট ৮৯ জন ভোটারদের শতভাগ ভোট প্রদানের মাধ্যমে এ ফলাফল নির্ধারিত হয়, যা শ্রমিকদের সক্রিয় সম্পৃক্ততারই প্রতিফলন।
এদিকে, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্যরা হলেন—সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলী, কোষাধ্যক্ষ মো.আলম হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. হোসেন আলী, উজ্জ্বল হোসেন, মো. আব্দুল হোসেন ও মো. বিদ্যুৎ হোসেন।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মাস্টার আজিজুর রহমান ও মো. আবু বক্কর সিদ্দিক। সার্বিক তদারকিতে ছিলেন নওগাঁ এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি মো. জিল্লুর রহমান।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
