![]() |
| সোহাগী জাহান তনু। ছবি : সংগৃহীত |
মোহাম্মদ জাহাঙ্গীর আলম : কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ (বুধবার, ২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
এর আগে, হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।
গত ৬ এপ্রিল এ আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাত তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেয়ার প্রক্রিয়া চলছে বলে আদালত সূত্রে জানা যায়।
