মু. ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাছ ধরতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলের মর্মান্তিক মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার নিহত দুই জেলে ও আহত এক জেলের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেক জেলের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহত জেলের পরিবারকে ১৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
নগদ সহায়তা প্রধানকালে উপস্থিত ছিলেন পিআইও আব্দুল হাই, আরডিও আ.সাত্তার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া।
এ সময় ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাছ ধরার সময় অসতর্কতাবশত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
