আব্দুল আলিম, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পশ্চিম অঞ্চলের চার উপজেলায় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আহলে হাদিস ওলামা পরিষদ। নওগাঁ জেলা পশ্চিম শাখা ওলামা পরিষদের উদ্যোগে সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থী এবং নিশ্চিন্তপুর গ্রামের অসহায় ও দরিদ্র ১৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় সাপাহারস্থ ‘সেন্টার অফ মারকাজুস সুন্নাহ আন নাবাবিয়্যাহ ফর ইসলামিক স্টাডিজ’ চত্বরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ৫০০ পরিবারকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ২০ কেজি চাল,১০ কেজি আটা ও ১ কেজি ডালসহ ১০০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের খাবার।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন মাদরাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থী এবং নিশ্চিন্তপুর গ্রামের দুস্থ মানুষরা নির্দিষ্ট কেন্দ্রে জড়ো হতে থাকেন। ৫০০ জন শিক্ষার্থী এবং ১০০০ জন সাধারণ মানুষসহ মোট এক হাজার পাঁচ'শ জনের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিশ্চিন্তপুর গ্রামের এক বৃদ্ধ বলেন, "সংসারে চাল-আটা ফুরিয়ে আসছিল, এই সময়ে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় নেয়ামত।"
আহলে হাদিস ওলামা পরিষদ নওগাঁ জেলা পশ্চিমের নেতৃবৃন্দ জানান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্যের জোগান নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ড. কাওসার এরশাদ মুহাম্মদ মাদানী, সেক্রেটারি শায়েখ হাফেজ সানাউল্লাহ মাদানী, সহকারি সেক্রেটারি শায়েখ নজরুল ইসলাম, সদস্য হাফেজ কাউসার মাহমুদ সহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

