আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই -আনু এমপি


মো. এনামুল হক বাদশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন- সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছেন। খাল খনন করেছেন। ঈমাম-মুয়াজ্জিনদের ভাতা দিবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন সবাইকে নিয়ে সরকার পরিচালনা করবেন।

শুক্রবার (১লা মে) দুপুর সাড়ে ১২টায় সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।


সংসদ সদস্য আনু বলেন, আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই। কেউ দলের নাম ভাঙ্গায় অন্যায় করলে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রশাসন ও দলের নেতাদের সেই নির্দেশনা দিয়েছি। সিংড়ার মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়, ভালো থাকতে চায়, উন্নয়ন চায়। আমি সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করে যাবো। 

সংসদ সদস্য আরও বলেন, সিংড়া হাসপাতালের দূরাবস্থার কথা সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কৃষি ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে ফসল মজুদ রাখা ও উৎপাদন বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করবো, জাতীয় সংসদে সেই কথা তুলে ধরেছি।

সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাখা'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আসাদুজ্জামান মিঠু, মো. আতিকুর রহমান লিটন, মো. মহিদুল ইসলাম, মো. রুহুল আমিন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন।

উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছারুজ্জামান আফছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে ৩ জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন